পুরান ঢাকায় ২২ পলিথিন কারখানা সিলগালা ৮৫ টন পলিথিন জব্দ

ইত্তেফাক রিপোর্ট

আইন অমান্য করে পলিথিন তৈরি ও দাহ্য রাসায়নিক মজুদের দায়ে পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকার ২২টি কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা এবং কারখানাগুলো সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিনভর চালানো এ অভিযানে ৮৫ টন পলিথিন ও পলিথিন তৈরির উপাদানও জব্দ করা হয়। বিচ্ছিন্ন করে দেওয়া হয় অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিদ্যুত্ সংযোগ। ঝুঁকিপূর্ণ তিনটি ভবন ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সোওয়ারীঘাটের দেবীদাস লেন ও কামালবাগ এলাকার পলিথিন কারখানাগুলোয় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সেখানে প্রচুর পরিমাণে পলিথিন ও পলিথিন তৈরির বিভিন্ন উপাদান পাওয়া যায়। পলিথিনের উত্পাদন আগে থেকেই নিষিদ্ধ। পাশাপাশি এটি তৈরিতে ব্যবহূত রাসায়নিক উপাদানগুলোও মারাত্মক দাহ্য পদার্থ। ফলে সেগুলো কোনোভাবে আগুনের সংস্পর্শে গেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এ কারণে গতকাল এ সব কারখানা সিলগালা করে দেওয়া হয়। এছাড়া দেবীদাস লেনের তিনটি ছয়তলা ভবন ভেঙে ফেলার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বলা হয়েছে।