ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী তরুণ দত্তকে (৪৫) হত্যার প্রতিবাদে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে উপজেলা বণিক সমিতির নেতাকর্মী ও বিক্ষুদ্ধ এলাকাবাসী। বুধবার সকাল সোয়া ১১টা থেকে এ কর্মসূচি পালন করছে তারা। 
 
স্থানীয়রা জানায়, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা বণিক সমিতি ও বিক্ষুদ্ধ এলাকাবাসী স্থানীয় সোনালী ব্যাংকের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে।
 
এ সময় তারা ব্যবসায়ী তরুণ দত্তের হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছেন।
 
এসময় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা বণিক সমিতির সভাপতি নাজমুল হক টুকুসহ অন্যান্যরা। 
 
৮ ফেব্রুয়ারি সকালে শহরের বর্ধনকুঠি এলাকায় একটি ডোবার পাশ থেকে ব্যবসায়ী তরুণ দত্তের মাথাবিহীন লাশ ও ডোবা থেকে মাথা উদ্ধার করে পুলিশ। নিহত তরুণ দত্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারের মৃত হীরেন্দ্র নাথ দত্তের ছেলে। তিনি বাড়ির সামনে দোকানে শিলপাটা ও ড্রাম-হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করতেন।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিক্ষুব্ধদের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।