ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
ইত্তেফাক রিপোর্ট
বিশ্বব্যাপী বেকারের হার ভীতিকরভাবে বাড়ছে উল্লেখ করে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গখোনভানিত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘উচ্চ শিক্ষিতরাই বেশি বেকার হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘তুমি যত উচ্চশিক্ষিত হবে, তোমার বেকার হওয়ার আশঙ্কা তত বেশি। তাই তোমাদের উদ্যোক্তা হতে হবে। যদি উদ্যোক্তা হও তাহলে অনেক বেকারের কর্মসংস্থান করতে পারবে। সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করেই তোমাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’ গতকাল বুধবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের এ পরামর্শ দেন তিনি।
পর্নচাই বলেন, প্রতিযোগিতামূলক এ পৃথিবী মোকাবিলা করতে প্রধান অস্ত্র হবে জ্ঞান, প্রযুক্তিগত উদ্ভাবন, তীক্ষতা এবং স্মার্ট একটি কর্মপরিকল্পনা। তিনি আরও বলেন, ‘তোমরা নিশ্চয় কর্মজীবনে প্রতিষ্ঠিত হবে, জীবনে সাফল্যের উচ্চাসনে প্রতিষ্ঠিত হবে, কিন্তু কখনোই তোমার দেশ, জাতি, পরিবার, প্রতিষ্ঠান এবং মানব জাতির প্রতি দায়বদ্ধতার কথা ভুলে যেও না। আমি বিশ্বাস করি তোমরা পরবর্তী প্রজন্মের পথ মসৃণ করার জন্য মানবিক স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণে কাজ করবে।’
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, একটি জাতির সবচেয়ে বড় সম্পদ তার শিক্ষিত জনগোষ্ঠী। তোমাদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা এই বিশ্ববিদ্যালয় থেকে যে জ্ঞান, মেধা ও দক্ষতা অর্জন করেছ তা দেশের কল্যাণে ব্যয় করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য ইউসুফ মাহাবুবুল ইসলাম প্রমুখ। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোট ৫ হাজার ৬৩১ গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়।