হবিগঞ্জের বানিয়াচংয়ে মোবাইল ফোনের কার্ড চাওয়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের আধুনিক সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। রাত একটায় স্থানীয় ব্যবসায়ী রুবেল মিয়ার দোকানে মোবাইল ফোনের কার্ড নিতে যায় শোয়েব মিয়া। কিন্তু রুবেল কার্ড নাই বললে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শোয়েব ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী রুবেলের উপর চড়াও হয়। ক উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়।
এর জের ধরে আজ সকালে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে গুরুতর আহতদের মাঝে আব্দুল কাইয়ুম (৩০), জহুর আলী (৪০), আতাউর (৩৫), কামরুল ইসলাম (৫০), তোফাজ্জল (২৫), মামুন (২০), গোলাপ মিয়া (৬০), ওয়াজিত (৫০), শিবলু (৩০), আবু তাহের (৬০), জুলহাস (২৫), বাবুল (৩৫), পলাশ (১৫), আবু মিয়া (৫০), আফজল (৪০), নুরুল আমিন (১৭) ও আবুল আহাদ (৩৫)- কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।