একরাম হত্যা মামলায় চার্জ গঠনের তারিখ ফের পেছালো

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ৩৬ জন আসামিকে বুধবার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠনের জন্য আদালতে হাজির করা হলে ২ জন আসামি হাজির না থাকায় চার্জ গঠন করা সম্ভব হয়নি। চার্জ গঠনের তারিখ আবারো পেছালো।
 
ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফি উল্লাহ -এর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য ৩৬ জন আসামিকে হাজির করা হয়। এই মামলার ২ জন আসামি অসুস্থ থাকার কারণে হাজির হতে না পারায় চার্জ গঠন না করে সব আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
 
জানা যায়, ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফি উল্লাহ- এর আদালতে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ৩৬ জন আসামিকে ফেনী জেলা কারাগার ও কুমিল্লা জেলা কারাগার থেকে বুধবার চার্জ গঠনের জন্য আদালতে হাজির করা হয়। দুইজন আসামি আদালতে উপস্থিত হতে পারেননি। তাদের মধ্যে একজন আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন। অপর আসামি মো. রিপন কুমিল্লায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে না পারায় চার্জ গঠন করা সম্ভব হয়নি। পরে আদালত সব আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। 
 
এদিকে এই মামলায় ৫৬ জন আসামির মধ্যে ৪২ জন আসামিকে আটক করা হয়েছে। বাকি ১৪ জন আসামি পলাতক রয়েছে।
 
সরকার পক্ষের মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ। আসামি পক্ষের আইজীবী ছিলেন অ্যাডভোকেট গাজী তারেক আজিজ।
 
উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। একই বছরের ২৮ আগস্ট ফেনী মডেল থানা পুলিশ ৫৬ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দাখিল করে। পুলিশ এ পর্যন্ত ৪২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।