মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এবং বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্য করায় খালেদা জিয়ার নাগরিকত্ব বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যার নিজের জন্ম তারিখ নিয়ে বিতর্ক রয়েছে, মুক্তিযুদ্ধে শহীদ ও বুদ্ধিজীবীদের সংখ্যা নিয়ে তার বিতর্কিত মন্তব্য হাস্যকর ঘটনাই বটে। তার মন্তব্যে স্পষ্ট হয়ে উঠে যে খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। এদেশে থাকার কোনো অধিকার তার নেই।
এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নাগরিকত্ব বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ড. আব্দুল মান্নান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মতিউর রহমান মর্তুজা প্রমুখ।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক তারিফুজ্জামান, সদস্য সচিব ফজলে বারী সৌরভ, সিনিয়র সদস্য সোহাগসহ সংসদের অন্য সদস্যবৃন্দ।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করেন। মন্তব্যে খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, 'আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।'