সেমি-ফাইনাল খেলছি, এই চিন্তাও করছি না : মিরাজ

 
শুরুতেই বলেছিলেন, প্রতিটি ম্যাচ নিয়ে ভাবেন তিনি। আগে থেকেই কিছু ভাবতে চাননা। সেমিফাইনালের আগেই সেই একই কথা বললেন বাংলাদেশ অনুর্ধ্ধ-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সেমিফাইনালের কোন চাপ নেই তার মধ্যে। উল্টো আছেন ফুরফুরে মেজাজে। সংবাদ সম্মেলনে তিনি জানান, সেমি-ফাইনাল খেলছি, এই চিন্তাও কেউ করছি না।
 
আত্মবিশ্বাসী এই অধিনায়ক বলেন, 'আমরা যদি এখনই খুশি হয়ে যাই, তাহলে তো এখানেই সব শেষ। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য, একটা করে ম্যাচ ভাববো আর জিতব। এখন হয়ত আমরা সেমি-ফাইনাল স্টেজে আছি; কিন্তু সেমি-ফাইনাল খেলছি, এই চিন্তাও কেউ করছি না। অন্য সব ম্যাচের মতোই কালকে একটা ম্যাচ হবে, আমাদের জিততে হবে। এই তো!'
 
দেশের মাটিতে এত বড় একটা ম্যাচের আগে রোমাঞ্চ, চাপ, খুশি, উত্তেজনা, অনেক অনুভূতিই দোলা দেওয়ার কথা মনে। মিরাজের কোনটা বেশি জানতে চাইলে প্রাণখোলা হাসিতে অধিনায়কের উত্তরে দেন, 'এগুলোর কোনোটাই আসলে বেশি না।'
 
গ্যালারিভরা দর্শক আর গোটা দেশের প্রত্যাশার চাপটাকে ভার হিসেবে নিচ্ছেনই না মেহেদি। আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, সেমি-ফাইনাল ম্যাচটি আর দশটা ম্যাচের মতোই!
 
তিনি আরো বলেন, 'আমরা যদি রোমাঞ্চিত হয়ে যাই, তাহলে কিন্তু ম্যাচ জিততে পারব না। ক্রিকেট খেলাটাই এমন যে একটা প্রসেসের ভেতর থাকতে হবে। প্রসেস থেকে বের হলেই বিপদ। আমরা অতি রোমাঞ্চিত হলে চাপ কাজ করবে, স্বাভাবিক খেলা খেলতে পারবে না কেউ। সেমি-ফাইনালের ভাবনা তাই মাথায়ই নিচ্ছি না। কালকে একটা ম্যাচ, আমাদের জিততে হবে। ব্যস।'