খাগড়াছড়িতে দুই বাসের সংঘর্ষ, নিহত ২

খাগড়াছড়ি উপজেলার মাটিরাঙ্গায় দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন।
 
বুধবার  দুপুর ১টার দিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হিলকিং পরিবহনের চালক মো. সিরাজুল ইসলাম (২৮) ও হেলপার কবীর হোসেন (২৪)।
 
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, বুধবার দুপুর ১টার দিকে খাগড়াছড়িগামী হিলকিং পরিবহনের একটি বাস গুইমারার বাইল্যাছড়ি এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ঘে দুই বাসের চালকসহ অন্তত ১৮ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শান্তি পরিবহনের চালকসহ ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে হিলকিং পরিবহনের চালক মো: সিরাজুল ইসলাম (২৮) ও হেলপার কবীর হোসেন (২৪) মারা যান। তাদের দুজনেরই বাড়ি মাটিরাঙ্গা উপজেলা তাইন্দং বলে জানা গেছে।