পঞ্চগড়ে আদালতের বারান্দা থেকে আসামির পলায়ন

পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দা থেকে উজ্জল (৩২) নামে এক ডাকাতি মামলার আসামি পালিয়ে গেছে।
 
বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ বি এম তারিকুল ইসলামের আদালতে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের সময় আদালতের বারান্দা থেকে সে পালিয়ে যায়। এ সময় তার হাতে কোন হ্যান্ডকাপ ছিল না।
 
পলাতক উজ্জলের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে। সে ওই এলাকার আজাহার আলীর ছেলে।
 
জানা যায়, সম্প্রতি জেলা শহরের এক সরকারি কর্মকতার বাড়িতে ডাকাতির একটি মামলায় গত ১৩ জানুয়ারি উজ্জলসহ চারজনকে গ্রেফতার করে পঞ্চগড় থানা পুলিশ। ওইদিনই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। বুধবার ওই মামলার হাজিরার তারিখ ছিল। পুলিশ তাকে দুপুরে আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে আবারও জেল হাজতে প্রেরণ করে। আদালতের কাঠগড়া থেকে তাকে নিয়ে যাবার সময় আদালতের বারান্দায় কনস্টবল মোহাম্মদ আলীর হাত থেকে সে পালিয়ে যায়।
 
পঞ্চগড় আদালতের ভারপ্রাপ্ত কোর্ট ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম ওই আসামী পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।