নারায়ণগঞ্জে ত্বকীর বাবার বিরুদ্ধে সমাবেশ

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির কুশপুত্তলিকা দাহ করে তাকে হুমকি দিয়েছে আজমেরী ওসমান সমর্থকরা। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে।

 
গতকাল বুধবার বিকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জের সচেতন জনগণ’ এর ব্যানারে আজমেরী ওসমান সমর্থকরা সমাবেশ করে তাকে হুমকি দেয়। এর আগে রফিউর রাব্বির চারটি কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশে জাপা নেতা রিপন ভাওয়াল, এস এম রাজা, আক্তার নূর প্রমুখ বক্তব্য রাখেন। আক্তার নূর গত বছরের শেষ দিকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
 
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সন্তান আজমেরী ওসমানকে নিয়ে রফিউর রাব্বি যেসব বক্তব্য দিচ্ছেন তাতে করে আবারও শান্ত নারায়ণগঞ্জ উত্তপ্ত হয়ে উঠার শঙ্কা দেখা দিয়েছে। এভাবে বার বার আজমেরী ওসমানকে বিতর্কিত করার চেষ্টা করলে নগরীর সচেতন মানুষও ঘরে বসে থাকবে না। বক্তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীরও কঠোর সমালোচনা করেন।