কুষ্টিয়ার মিরপুরে

ক্যাম্প আইসির ত্রি-নয়ন মতবিনিময় জনমনে সাড়া ফেলেছে

সম্প্রতি পুলিশ বাহিনীর কতিপয় সদস্যের অপকর্ম দেশব্যাপী যখন সমালোচনার ঝড় তুলেছে তখন কুষ্টিয়ার মিরপুর থানার কাকিলাদহ ক্যাম্প ইনচার্জ (আইসি) এস আই জালাল উদ্দীন খাঁনের ব্যাক্তি উদ্দ্যোগের ‘ত্রি-নয়ন’ নামের মতবিনিময় বিষয়ক সামাজিক আন্দোলন জনমনে ভিন্নমাত্রার স্বস্তি এনে দিয়েছে।

পুলিশ বাহিনীর এই কর্মকর্তা এক মাস আগে উপজেলার মধ্যে সর্বাধিক সন্ত্রাসপ্রবণ ওই ক্যাম্পের ইনচার্জ হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তাঁর ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকার সচেতন অভিভাবক,শিক্ষক,রাজনীতিবিদ ছাড়াও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভুমিকা রাখা ব্যাক্তিদের নিয়ে  ত্রি-নয়ন নামের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।
মতবিনিময় সভায় এলাকার সচেতন ব্যাক্তিবর্গ স্বতস্ফুর্তভাবে  অংশ নিয়ে  এলাকার বিভিন্ন সমস্যা, পুলিশ বাহিনী ও সরকারের বিভিন্ন দপ্তরের করণীয় কি এবং সেই সঙ্গে সমাধানের উপায় খোঁজার চেষ্টা করেন।
এছাড়াও ওই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপারে আলোচনা হয়। আইন শৃংখলা রক্ষার পাশাপাশি ক্যাম্প আইসির ভিন্ন মাত্রার সামাজিক আন্দোলন ত্রি-নয়ন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠান যেমন সরকার ও পুলিশ বাহিনীর ভাবমুর্তি সমৃদ্ধ করছে অন্যদিকে জনমনে এনে দিচ্ছে স্বস্তির বার্তা।
গতকাল বুধবার ত্রিনয়ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।