পঞ্চগড়ের সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা এলাকা থেকে ইসলামি ছাত্র শিবির ও জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে পঞ্চগড় থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই এলাকার জামায়াতের রোকন হাসান আলীর বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দেবীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুয়েল ইসলাম (৩০), বোদা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল কাদের (২২), আটোয়ারি উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আল মামুন (২০), শিবির নেতা আশিক (২০) এবং জামায়াতের স্থানীয় রোকন মো. হাসান আলী (৫৫) ও জামায়াত নেতা মো. জিন্নাত (২৫)।
তারা গোপন বৈঠক করছিল এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পঞ্চগড় থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ গোপন বৈঠকের সময় জামায়াতের স্থানীয় রোকন হাসান আলী বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় একটি কম্পিউটার, ১১টি বাইসাইকেল, দুইটি মোটরসাইকেলসহ বিভিন্ন সাংগঠনিক বই উদ্ধার করে।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম মমিন ৬ ছাত্রশিবির ও জামায়াত নেতাকর্মী আটকের সত্যতা স্বীকার করেন। তারা নাশকতার পরিকল্পনা নিয়ে উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করছিল এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।