রাজশাহীতে পুলিশকে মারপিটের ঘটনায় মামলা

রাজশাহী নিউ ডিগ্রি কলেজে ছাত্রলীগের মারপিটে পুলিশ কনেস্টবল রাজু সরকার আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতেই মামলাটি করেন আহত পুলিশ কনস্টেবল রাজুর মা নাসিমা বেগম।
 
মামলায় নিউ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ অন্তত ১৫ জনকে আসামি করা হয়েছে।
 
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'পুলিশ কনস্টেবল রাজু সরকারের ওপর হামলার ঘটনার তার মা বাদি হয়ে মামলাটি করেছেন। তবে কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতরের চেষ্টা চলছে।'
 
প্রসঙ্গত, রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) কনেস্টবল রাজু সরকারকে মারপিট করে নিউ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মইনুল ইসলাম বাপ্পীসহ তার সহযোগীরা। রাজু পরীক্ষা দিতে গিয়ে শহীদ মিনারে বসে পড়তে থাকলে তার ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।