লন্ডনে গণজাগরণের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ‘নির্ভয় চিত্তে মুক্তির সংগ্রামে অবিরাম...’ এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে সোমবার সন্ধ্যা ছয়টায় গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারের পাদদেশে গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এছাড়াও উপস্থিত সকলে জাগরণের গান গেয়ে দিবসটি উদযাপন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের ও গণজাগরণের আন্দোলনে নিহত সকল সহযোদ্ধাদের স্বরণে তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উপস্থিত সকলের হাতে ছিলো গণজাগরণের আন্দোলনে শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। এই কর্মসূচি পরিচালনা করেন গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের মুখপাত্র অজন্তা দেব রায়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ মানবাধিকার কর্মী এরন নায়ার, মঞ্চের কর্মী কামরুল হাসান তুষার, সাইফুল ইসলাম মিঠু, নাহিদ জায়গিদার, সিনথিয়া আরেফিন, গোলাম কবির, মেহের নিগার চৌধুরী, রাজন সরকার, শাকুর হক, মঈণ আরেফিন, তানভীর ইলিয়াস, রাশেদ বেলাল, তাজুল ইসলাম, সেলিম মাহমুদসহ আরো অনেকে। শেষে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, জয় বাংলা ধ্বনি ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।