সোনারগাঁওয়ে শিশু অপহরণকারীকে পুলিশে সোপর্দ

সোনারগাঁওয়ে এক শিশু অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 
 
এলাকাবাসীর বরাত দিয়ে সোনারগাঁও থানা পুলিশ জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ৫ বছর বয়সী ছেলে জুনায়েদ  বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শাওন নামের এক অপহরণকারী ছেলেটিকে খেলনা কিনে দেয়ার কথা বলে নিয়ে যেতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর এলাকাবাসী শিশুটিকে চিনতে পেরে শিশুর সঙ্গে তার কি সম্পর্ক জানতে চায়। এ সময় অপহরণকারী শাওন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। পরে সোনারগাঁও থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণকারীকে থানায় নিয়ে যায়।