শপথ নিতে অনড় মোকাব্বির

সুলতান মনসুরের পথ ধরে এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাওয়ার কথা বলেছেন গণফোরাম নেতা মোকাব্বির খানও। দলীয় সভাপতি ড. কামাল হোসেন শপথ নিতে বারণ করায় গত প্রায় এক সপ্তাহ ধরে দলের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন তিনি। সর্বশেষ গত শনিবার দলীয় ফোরামে বারবার শপথ নেওয়ার পক্ষে কথা বলায় উত্তেজিত হয়ে মোকাব্বিরকে ড. কামাল বলেছেন, ‘যান যান আপনি আওয়ামী লীগে যোগ দিন।’ এরপর থেকে দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন মোকাব্বির। দলের কেন্দ্র থেকে কেউ যেন যোগাযোগ করতে না পারেন, সেজন্য পরিচিত মোবাইল নম্বরটিও বন্ধ রেখেছেন তিনি।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন মোকাব্বির। তিনি দলের প্রেসিডিয়াম সদস্য। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের মনোনয়নে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মনসুর গত ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার দুইদিন পর শনিবার জরুরি বৈঠকে বসে গণফোরামের প্রেসিডিয়াম। সভায় উপস্থিত থাকা গণফোরামের দুইজন নেতা ইত্তেফাককে জানান, ওই সভায় মোকাব্বির বারবার নিজের শপথ নেওয়ার ইচ্ছার কথা বলেন, এমনকি বিএনপি থেকে নির্বাচিত ছয় জনেরও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া উচিত বলে উল্লেখ করে এর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে ড. কামাল তাকে বলেন, ‘যান যান আপনি শপথ নিন, আওয়ামী লীগে যোগ দিন।’   ড. কামালের একথার পর প্রথমে কিছুটা আবেগতাড়িত হন মোকাব্বির। তবে শপথ গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি হননি। পরে একপর্যায়ে রাগ করে রাজধানীর আরামবাগের দলীয় কার্যালয় ত্যাগ করেন। গণফোরামের কেন্দ্রীয় নেতা মোশতাক আহমেদ গতকাল বুধবার ইত্তেফাককে জানান, শনিবারের ওই বৈঠকের পর থেকে মোকাব্বির খান আর দলের সঙ্গে যোগাযোগ করেননি, এমনকি দলের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না, দলের নেতাদের কাছে থাকা তার পরিচিত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।