পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় দিনব্যাপী পাখি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন ভোলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা ফরিদ মিয়া।
পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) ও বাংলাদেশ বন অধিদপ্তর এ মেলার আয়োজন করে।
দিনব্যাপী এ মেলায় শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র প্রদর্শনী, পাখি বিষয়ক সচিত্র উপস্থাপনা, পাখি বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।
দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জাউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ বিল উইলিয়াম, জোন্স স্টিফেন স্যামওরথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যপ্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, বাংলাদেশ বার্ড ক্লাবের সচিব ও এভারেস্ট জয়ী এমএ মুহিত, নেকমের বন্যপ্রানী ও পাখি গবেষক সামিউল মোহসেনিন।