নাতির হাতে দাদা খুন

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর চর-চন্দনা গ্রামে পরকীয়ায় বাঁধা দেয়ায় নাতির হাতে দাদা খুন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান মোস্তাক (৬০)। 
 
এ ব্যাপারে শুক্রবার সকালে পুলিশ তাছলিমা (২৫) নামের এক নারীকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মোস্তাকের লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের মানিকের স্ত্রী তাছলিমা মধুখালীর আশাপুরে অবস্থিত রাজ্জাক জুট মিলে চাকরি করার সুবাদে আশাপুর গ্রামের মিন্টুর বাড়িতে ভাড়া থাকতেন। এর সূত্র ধরে আশাপুর গ্রামের মতিন সিকদারের ছেলে সোহেল (২৫) এর সঙ্গে তাছলিমার অবৈধ সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাজ্জাক জুট মিলের পাশে একটি কলা বাগানের মধ্যে সোহেল ও তাছলিমা অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দাদা বাড়ির ফেরার পথে ঘটনাটি দেখেন। বাধা দিলে নাতি সোহেল রাগান্বিত হয়ে দাদা মোস্তাফিজের বুকে কিল-ঘুষি করলে মোস্তাফিজ অজ্ঞান হয়ে পড়ে যান। ঘটনা জানাজানির এক পর্যায়ে বাড়ির লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 
 
এ ব্যাপারে মধুখালী থানায় নিহতের ছেলে মানিক বাদি হয়ে একটি হত্যা মামলার করেছে। সম্পর্কে সোহেল ও মোস্তাফিজ দাদা-নাতি।
 
মধুখালী থানার ওসি তদন্ত মো. গোলাম নবী জানান, এ ব্যাপারে সোহলসহ অজ্ঞাত কিছু লোককে আসামি করে মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেয়া হবে।