কুমিল্লায় নাগরিক শোকসভায় পরিকল্পনামন্ত্রী

অধ্যক্ষ রউফ ছিলেন নিবেদিতপ্রাণ সমাজহিতৈষী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। মহান মুক্তিযুদ্ধ ও দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে তার অসামান্য অবদানের কথা ভুলা যায় না। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ দলীয় নেতা ও সমাজহিতৈষী ব্যক্তিকে হারিয়েছি, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। 
 
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে কুমিল্লা নাগরিক কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুর রউফ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন।
 
সভায় বিশেষ অতিথি ছিলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব। কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. মোহসিনুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওমর ফারুক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম আবদুল ওহাব, কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ আলকাসুর রহমান কোকা, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, আদর্শ সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল প্রমুখ। 
 
শোকসভায় অধ্যক্ষ আবদুর রউফ স্মরণে তার নামে নগরীর একটি সড়কের নামকরণের দাবি জানানো হয়।