গাংনীতে দেয়াল চাপায় নিহত ১

মেহেরপুরের গাংনীর করিম ফকিরের আস্তানার দেয়াল চাপায় দাউদ হোসেন (৭০) নামের এক বাউল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দাউদ হোসেনের স্ত্রী আলেয়া খাতুন (৫৫)। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। 
 
আহত আলেয়া খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, গতরাতে করিম ফকিরের আস্তানায় বাৎসরিক সাধু সংঘে যোগ দিয়েছিলেন বিভিন্ন এলাকার লালন ভক্ত বাউল ফকিররা। সংঘ শেষে ভোর রাতের দিকে তারা আস্তানায় ঘুমিয়ে পড়েন। এ সময় আস্তানার কাঁচা দেয়ালের কিছু অংশ ভেঙ্গে দাউদ ও করিম ফকিরের স্ত্রীর উপরে পড়ে। মুমূর্ষ অবস্থায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দাউদ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 
 
এ ব্যাপারে থানায় কেউ অবহিত করেনি বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।  
 
তবে নিহতের পরিবার ও বাউল সম্প্রদায়ের নেতারা বলেছেন, 'স্বাভাবিক মৃত্যু তাই পুলিশে অবহিত করা হয়নি। তার দাফনের প্রস্তুতি চলছে।'