নোয়াখালীর সদর উপজেলায় সুমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এয়াজবালিয়া ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সীমা আক্তার দীর্ঘদিন ধরে পেটে ব্যথাজনিত কারণে অসুস্থ ছিল। শুক্রবার সকাল থেকে সারাদিন সে প্রচণ্ড পেট ব্যথায় কাতরাছিল। রাতে কোনো এক সময় পরিবারের লোকজনের অজান্তে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সুমা ওই ইউনিয়নের পূর্ব চর শুল্লুকিয়া গ্রামের মাসুদের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মির্জা হাসান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।