গাজীপুরে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ভেজাল ওষুধ জব্দ করা হয়। এ সময় ওই বাড়ি থেকে চার জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- নেত্রকোনা জেলার দুর্গাপুর সদরের রণজিতের ছেলে সুজন (২২), বনগাঁওগ্রামের মনেশ সাংমের ছেলে দ্বিপক রেসা (৪৯), শেরপুরের শ্রীবর্দী থানার হারীয়াকোনা গ্রামের রথিন্দ্র সিরানের ছেলে রাজিউস (২২) ও পাবনা সদরের দিলালপুর গ্রামের মোঃ আবু তালেবের ছেলে সুলতান মাহমুদ (২৫)।
গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার জানান, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গরু, হাঁস, মুরগী, মাছ উত্পাদনে কৃত্রিম ভিটামিন ও অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করে গো-খাদ্য, বিভিন্ন প্রকার টিকা, ভ্যাকসিন, ভিটামিন, প্রোটিন, সিপ্রোসিন, এ্যান্টিবায়োটিক তৈরি করে তা বাজারজাত করছিল। এসব ওষুধে ইউএসএ, কোরিয়া, ভারত, জাপানসহ বিভিন্ন দেশের নাম ব্যবহার করে বাজারে বিক্রি করছিল তারা।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এসব কেমিক্যাল অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ওই বাড়িতে রাখা ছিল।