১২তম সাউথ এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। শনিবার ভারতের গুয়াহাটি স্টেডিয়ামে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
খেলায় ১২ মিনিটেই এগিয়ে যায় ভারত। মাঝমাঠ থেকে নেওয়া একটি ফ্রি-কিক বাংলাদেশের গোলমুখে এসে পড়লে তা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডার রেজাউল করিম রেজা। ভারতীয় ফরোয়ার্ড উদান্তা সিং বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ছোট বক্সের ওপর থেকে প্লেসিং শটে গোল করেন।
গোল হজম করে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। দুই প্রান্ত দিয়ে বেশ কয়েকবার ঢুঁ মারে ভারতীয় রক্ষণভাগে। এর মাঝে ২৬ মিনিটে মিডফিল্ডার সোহেল রানার শট সরাসরি ঠাঁই নেয় ভারতীয় গোলরক্ষকের হাতে।
কিন্তু অতি আত্মবিশ্বসী হওয়ার মাশুল দিতে হয় বাংলাদেশকে। ৪০ মিনিটে দ্রুতগতির একটি পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে বাংলাদেশ রক্ষণভাগে ঢুকে পড়েন ভারতের অনূর্ধ্ব-১৯ ফরোয়ার্ড জেরি। বাংলাদেশের ডিফেন্ডাররা কেউই ছিলেন না তাদের সঠিক পজিশনে। গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনও দাঁড়িয়ে ছিলেন দূরের পোস্টে। জেরি বক্সের ওপর থেকে জোরালো শটে কাছের জালে বল জড়িয়ে দেন। লিটন স্ট্রেচ ডাইভ দিয়েও বল নাগাল পাননি।
৬৪ মিনিটে খেলা থেকে পুরোপুরি ছিটকে পড়ে বাংলাদেশ। সম্মিলিত আক্রমণ থেকে বক্সের ডান প্রান্তে বল পেয়ে যান জেরি মাওথিমানাগা। ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এবারও ভুল করেননি, ডান পায়ের জোরালো গ্রাউন্ডারে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ভারতের এই উঠতি তারকা।
খেলা শেষের পাঁচ মিনিট আগে মিডফিল্ডার জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে বল ফাঁকায় পেয়ে গিয়েছিলেন রুবেল মিয়া। কিন্তু তার ভলি শট এত দুর্বল ছিল যে তা কোনও কাঁপন ধরাতে পারেনি ভারতীয় গোলরক্ষকের বুকে।
ফলে ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। গতবারের স্বর্ণ ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশ।