এমসিএলের ফাইনালে মুখোমুখি লারা ও শেবাগ

ক্রিকেটের সাবেক তারকাদের নিয়ে গড়া মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের (এমসিএল) প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রায়ান লারার লিও লায়ন্স ও বীরেন্দর শেবাগের জেমিনি এরাবিয়ান্স। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় মুখোমুখি হবে দল দুটি।
 
শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে গ্রায়েম স্মিথের ভিগো সুপার কিংসকে ১৭ রানে হারিয়ে ফাইনালে এরাবিয়ান্সের সঙ্গী হয় লারার লিও লায়ন্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে জেমস ফ্রাঙ্কলিনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে লিও লায়ন্স।
 
লিও লায়ন্সের হয়ে ফ্রাঙ্কলিন ৪৮ বলে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৫ রান করেন। এছাড়া ব্রেন্ডন টেইলর ১৪ এবং লারা, ইয়োহান বোথা ও রবিন পিটারসেন সমান ১১ রানের ইনিংস খেলেন।
 
ভিগো সুপার কিংসের হয়ে ব্রেট লি তিনটি এবং জ্যাকব ওরাম, আজহার মাহমুদ, গ্যারেথ ব্যাটি ও মালিঙ্গা বান্দারা একটি করে উইকেট নেন। জয়ের জন্য ১৪০ রানের মাঝারি মানের লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে লিও লায়ন্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয় ভিগো সুপার কিংস। ফলে ১৭ রানের জয় দিয়ে ফাইনালে পা রাখে লিও লায়ন্স।