সুসংবাদ, রোববার সেল্টা ভিগোর বিপক্ষে স্প্যানিশ লা লিগা ম্যাচে মেসিকে নিয়েই খেলতে নামবে কাতালান ক্লাবটি। খবরটি নিশ্চিত করেছেন বার্সা কোচ লুইস এনরিকে নিজেই।
কিডনির পাথর অপসারণজনিত কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি লিওনেল মেসি। সেল্টা ভিগোর বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের জবাবে এনরিকে বলেন, ‘হ্যাঁ, সে আগামীকাল (রোববার) খেলতে পারবে। তারা দুজনই (মেসি ও তুরান) এখন ফিট আছে।’
মেসি ও তুরানের মতো লুইস সুয়ারেজ, নেইমার, জেরার্ড পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তাকেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত বুধবারের ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছিল। তবে রোববার সেল্টা বিপক্ষে এরা সবাই-ই ফিরবেন।
গত বছরের সেপ্টেম্বরে সেল্টা ভিগোর মাঠ থেকে ৪-১ গোলের বড় হার নিয়ে বাড়ি ফেরে বার্সেলোনা। এবার ঘরের মাঠে সেই হারের বদলা নেয়ার পালা মেসিদের। মেসি, নেইমার ও সুয়ারেজ যেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তাতে করে ন্যু-ক্যাম্পে সেল্টা ভিগোর উড়ে যাওয়ারই কথা।
লা লিগার ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।