মেঘনা থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মেঘনা নদীতে মাছ ধরার সময় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
 
শনিবার সন্ধ্যায় মেঘনা নদী থেকে জেলে আক্তার মাঝির লাশ উদ্ধার করা হয় বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার দে জানিয়েছেন। আক্তার মাঝি মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের আলী মাঝির ছেলে।
 
বরিশাল-ঢাকা রুটের এমভি সুরভী-৯ লঞ্চ গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে মেঘনা নদীতে মাছ শিকারত জেলে নৌকার ওপর উঠিয়ে দেয়। তখন নৌকায় থাকা অপর পাঁচজনকে নদীর অপর জেলেরা উদ্ধার করেন। কিন্তু আক্তার মাঝি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুর আড়াইটার পর জেলেরা মেঘনা নদীতে আক্তার মাঝির লাশ ভেসে থাকতে দেখে স্বজনদের জানান। তারা পুলিশকে অবহিত করার পর সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।