আনই নদের পশ্চিম তীর ভরাট করে জবর দখল

ফুলবাড়ীয়া উপজেলার ইতিহাস ঐতিহ্যের কালের সাক্ষী আনই নদের পশ্চিম তীর ভরাট করে জবরদখল করা হচ্ছে। স্থানীয় ভূমি অফিসের লোকজন বাধা দেয়ার পরও জবর দখলকারীদের ভরাট কাজ চলছে।
 
আনই নদ ইজারা নিয়ে আ.বছির নামে একজন মত্স্য চাষ করছে। ইজারাদারের বড়ভাই রুস্তম আলীসহ ১০/১২ জন আনই নদের পশ্চিম তীর জবরদখলের জন্য ভরাট করছে। স্থানীয় ভূমি অফিস থেকে আনই নদের পশ্চিম তীর ভরাট থেকে বিরত থাকার জন্য বলা হলেও কাজ চলছে। জবরদখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা না হলে অতি উত্সাহী হয়ে চতুর্দিকে বসবাসকারীরা ভরাট শুরু করলে হুমকিতে পড়বে আনই নদ। এ ব্যাপারে আনই নদ ইজারাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
 
রাঙামাটিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শরিফুজ্জামান জানান, আনই নদ ভরাটের খবর স্থানীয়ভাবে পেয়ে নিষেধ করা হয়েছে। তরপরও ভরাট হচ্ছে কিনা জানা নেই। এদিকে সহকারী কমিশনার ভূমি আফরোজা আক্তারের সঙ্গে অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।