গ্যাসের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া স্থগিত চেয়ে আবেদনের শুনানি ৩১ মার্চ

গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাবের ওপর চলমান গণশুনানি স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ওই আবেদনের ওপর গতকাল বুধবার শুনানি হয়েছে। আগামী ৩১ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য রেখেছেন বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

গত ২৭ ফেব্রুয়ারি গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন দেয় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত বছরের ১৬ অক্টোবর গ্যাসের সঞ্চালন ও বিতরণ ফি বৃদ্ধির আদেশ দিয়েছিল। এ আদেশের বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল বিচারাধীন থাকাবস্থায় আবারও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গণশুনানি গ্রহণ বেআইনি।