নিজেদের অধিকার প্রতিষ্ঠায়ও কাজ করতে হবে নারী সাংবাদিকদের : ড. আনিসুজ্জামান

পেশাগত বৈষম্যের বিরুদ্ধের পাশাপাশি নারী সমাজের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠায় নারী সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গতকাল বুধবার বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লেখক ও সমাজসেবী নূরজাহান বোস, সংগঠনের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু, কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক প্রমুখ।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমরা শুনতে পাই গণমাধ্যমে নারী সাংবাদিকরা বৈষম্যের শিকার। পেশাগত জীবনেও নারী সাংবাদিকদের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হচ্ছে। অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।