ছেলের গায়ের রঙ কালো। কিন্তু এই কালো ছেলেকেই রিয়ার (১৬) জন্য পাত্র হিসেবে পছন্দ করেন তার মা। মায়ের পছন্দ করা পাত্রকে সে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু তার অমতে বিয়ের দিন-ক্ষণ ঠিক হওয়ায় অভিমানে রিয়া মনি আত্মহত্যা করে। মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর তুরাগের নলভোগ এলাকার বায়তুল আজাদ মসজিদ সংলগ্ন একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহারাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
রিয়ার মা বিলকিস বেগম জানিয়েছেন, পাবনার সাঁথিয়া থানার দুলাউড়ি বাজারে তাদের বাড়ি। কয়েকদিন আগে পাবনার এক ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেন। ছেলের গায়ের রঙ কালো। রিয়া মনি তাকে জানিয়েছিল, কালো ছেলেকে সে বিয়ে করবে না। এ নিয়ে কয়েকদিন ধরে মা ও মেয়ের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। মঙ্গলবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়া আত্মহত্যা করে।
তুরাগ থানার এসআই আব্দুল মোতালেব বলেন, বিয়েতে রাজি ছিল না বলে রিয়া আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।