সিরাজগঞ্জের সলঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় গোলাম হোসেন (৪২) নামের অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বনবাড়িয়া ভোলার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সলঙ্গা উপজেলার জঞ্জালী পাড়া গ্রামের মিরু প্রামাণিকের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে সলঙ্গাগামী ওই অটোরিকশাকে মাছবোঝাই একটি ভটভটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি উল্টে গেলে গোলাম মোস্তফা ভটিভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ছাড়া আরও ছয়জন আহত হন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।