এমসিএলের প্রথম চ্যাম্পিয়ন শেবাগের অ্যারাবিয়ান্স

মাস্টার্স চ্যাম্পিয়ন লিগের (এমসিএল)  এর প্রথম আসরের শিরোপা জিতলো বীরেন্দর শেবাগ এবং কুমার সাঙ্গাকারার দল জিমিনি অ্যারাবিয়ান্স। শনিবার টুর্নামেন্টের ফাইনালে ক্যারিবীয় তারকা ব্রায়ান লারার দল লিও লায়ন্সকে ১৬ রানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয় করে তারা।
 
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শেবাগের উইকেট হারিয়ে ফেলে অ্যারাবিয়ান্সরা। তবে রিচার্ড লেভির ২১,কুমার সাঙ্গাকারার ২৬ বলে ৩০ আর জাস্টিন কেম্পের অপরাজিত ২৯ বলে ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে অ্যারাবিয়ান্স।
লায়ন্সের হয়ে দুটি করে উইকেট তুলে নিয়েছেন ফিদেল এডওয়ার্ডস এবং স্কট স্টাইরিস।
 
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় লিও লায়ন্স। হামিশ মার্শালের ৪০ বলে ৪৬ কিছুটা স্বস্তি দিয়েছিল দলকে। ব্রায়ান লারার (২৮) সঙ্গে মিলে ৫৬ রানের একটি জুটিও গড়েছিলেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তবে রবিন পিটারসেন অবশ্য শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৫ রান করে। এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই এদিন দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে পারেননি।
 
কাজেই ১৬ রানের হার নিয়ে শিরোপা হাতছাড়া করতে হয় লারার দলকে। অ্যারাবিয়ান্সদের হয়ে ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নাভিদ উল হাসান।