৪ দিন সেবাবঞ্চিত থাকছে ডাচ-বাংলা ব্যাংকের আড়াই কোটি গ্রাহক

তথ্য ভাণ্ডার আধুনিকায়নের কাজের জন্য টানা চার দিনের জন্য বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন। এই সময়ে ব্যাংকটির এটিএম বুথ থেকে কোনো গ্রাহক টাকা তুলতে পারবেন না। শাখায় গিয়েও টাকা তুলতে বা জমা দিতে পারবেন না। ব্যাংকটির ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কোনো কেনাকাটাও করা যাবে না। এমনকি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল সেবা রকেটও থাকবে বন্ধ। বেসরকারি এই ব্যাংকের গ্রাহকের সংখ্যা আড়াই কোটির মতো। এক টানা এতদিন সেবা বন্ধের ঘোষণায় ক্ষোভ জানিয়েছেন অনেক গ্রাহক।

বুধবার সন্ধ্যায় ডাচ-বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিস্টেম আপগ্রেড-এর জন্য আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের শাখা, এটিএম, পস (পিওএস) এবং এজেন্ট ব্যাংকিংসহ সব প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।