ভাড়াটে সেজে দিনদুপুরে ডাকাতি

ঘর ভাড়া নেয়ার কথা বলে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৬ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাত দলের সদস্যরা।
 
রবিবার দিনদুপুরে শিবপুরের কারারচর গ্রামের আ: ছাত্তার নামে এক ব্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
 
জানা গেছে, শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর গ্রামের আব্দুস সাত্তার ভেলানগর ও কারারচর এলাকায় ব্যবসা করে। সে ব্যবসার কাজের জন্য ব্যাংক থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে বাড়িতে এনে রাখে। রবিবার বেলা ১১টায় একদল ডাকাত মাইক্রো বাস নিয়ে তার বাড়িতে গিয়ে তার ঘর ভাড়া নেয়ার কথা বলে। ব্যবসায়ী সাত্তার সরল বিশ্বাসে তাদের ঘরের ভিতর বসতে দেয়। এ সময় ডাকাতরা ঘরের দরজা বন্ধ করে ছাত্তার ও বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মী করে ব্যাংক থেকে তুলে আনা সাড়ে ৬ লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।
 
এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।