স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রথমে নিজ শহরকে, নিজ জেলাকে ভালোবাসতে শিখুন তাহলেই দেশকে ভালোবাসতে পারবেন। দেশের প্রতি যার ভালোবাসা নেই তার দ্বারা দেশের কোনো উন্নয়ন সম্ভব না। গতকাল রবিবার বিশ্ব ভালোবাসা দিবসে জেলা শহরের বদরপুরের বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ভোটের রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আর সে কারণেই শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর আগে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মন্ত্রীকে ভালোবাসা দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার মো. জামিল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, অধ্যাপক মো. শাহজাহান, মিজানুর রহমান মানিক, সাংবাদিক হাসানউজ্জামান, শেখ মনির হোসেন, তরিকুল ইসলাম হিমেল উপস্থিত ছিলেন।