সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী আহত, সড়ক অবরোধ

সাতক্ষীরার বহেরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমাইয়া ও আমেনা নামের দুই স্কুলছাত্রী আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বহেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
আহতরা দেবহাটা উপজেলার বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। মুমূর্ষ অবস্থায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে অগ্নিসংযোগ করে। রাস্তায় কারেন্টের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে প্রায় দেড়ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  
প্রত্যক্ষদর্শী মোস্তফা আলী ও রাজু জানান, সাইকেলযোগে ওই দুই ছাত্রী দেবহাটার হিরারচক এলাকা থেকে স্কুলে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিলে তারা পড়ে গুরুতর আহত হয়। 
 
এ সময় তাদের সাইকেলটি বাসের নিচে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় উত্তেজিত জনতা বাসটি পুড়িয়ে দেয়। রাস্তায় কারেন্টের খুঁটি ফেলে দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা বেগম ও কালিগঞ্জ সার্কেল মনির হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
 
এদিকে, আহত আমেনার অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা আড়াই’শ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।