অপহরণ ও চাঁদাবাজীর অভিযোগে খাগড়াছড়ি সদরের মোল্লাপাড়া এলাকা থেকে ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদরের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজ সকাল ১০টার দিকে বেলাল হোসেন, শরিফুল ইসলাম, শাকিল ইসলাম, আতিক উল্ল্যাহ ও নাজমুল ইসলাম নামে ৫ অপহরণকারীকে গ্রেফতার করে। অপরদিকে গত বৃহস্পতিবার রাতে অপহৃত হওয়া নুরুল হুদা, মাহমুদুল হাসান, আরমান হোসেন ও জয়ন্ত দে-কে পুলিশ উদ্ধার করে।
অপহৃত সকলে খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্র এবং খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
অপহরণকারীদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে এবং তাদের আজ বিকেলের মধ্যে আদালতে হাজির করা হবে।