বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত

বাগেরহাটে ইঞ্জিন চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।
 
সোমবার দুপুরে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের কচুয়া উপজেলার বিছট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফিজুর রহমানের বাবা ও ভাই। নিহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়িপাড়্া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের প্রয়াত ছবেদ আলী শেখের ছেলে শেখ আনোয়ার হোসেন (৮২) ও তার ছেলে শেখ হুমায়ুন কবির (৩৮)।
 
কচুয়া থানার ওসি শমসের আলী বলেন, কচুয়া থেকে মোটর সাইকেলযোগে উপজেলার বিছট এলাকায় দাওয়াত খেতে যাবার পথে কচুয়া উপজেলার বিছট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইঞ্জিত চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন ও তার ছেলে হুমায়ুন কবির গুরুতর আহত হন।
 
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফিজুর রহমানের বাবা ও ভাই।
 
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মোশারেফ হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে মৃত অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।