যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

যশোরে পৃথক তিন দুর্ঘটনায় কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছেন।
 
সোমবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা এবং দুপুরে যশোর-বেনাপোল সড়কে দুর্ঘটনাগুলো ঘটে।
 
নিহতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার বনগ্রাম এলাকার লুৎফর রহমানের ছেলে আরিফ হোসেন (২২), সাতক্ষীরা সদরের জালাল মোহরীর ছেলে মাগফেরাত (২৮), চট্টগ্রামের হাজিপাড়ার সালমা সুলতানা শেলী (৩২) ও প্রকাশ মজুমদার। এর মধ্যে আরিফ যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
 
কোতোয়ালি থানার ওসি ইলিয়াচ হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে কলেজের একটি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন আরিফ। পথে যশোর-মাগুরা সড়কের কোদালিয়া মোড়ে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
 
ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির জানান, যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালি গদখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় বাসের ছাদে থাকা মাগফেরাত ছিটকে রাস্তায় পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাগফেরাতকে মৃত ঘোষণা করেন।
 
এর আগে সকাল ৮টায় যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হন।