ভোলার মেঘনায় যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ লঞ্চের ধাক্কায় জেলে নৌকা ডুবে আবুল কালাম (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার তজুমদ্দিন উপজেলার ভাষণভাঙা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত কালাম মনপুরা উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় অপর ৪ জেলে তজুুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের সিকদারকান্দী গ্রামের কিরণ, রফিক, কাজিকান্দী গ্রামের রুহুল আমিন ও মহাজনকান্দী গ্রামের নুরনবী আহত হন।
এর মধ্যে গুরুতর আহত কিরণকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা টু হাতিয়া রুটে চলাচলকারি যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ রোববার রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে হাতিয়া যাচ্ছিল। এ সময় সোমবার সকাল ৫টার দিকে যাত্রীবাহী লঞ্চটি তজুমদ্দিন উপজেলার ভাষণভাঙা এলাকার মেঘনা নদীতে জেলে কিরণ মাঝির নৌকাকে ধাক্কা দিলে ওই নৌকার জেলে আবুল কালাম ঘটনাস্থলে নিহত ও অপর চার জেলে আহত হন।
তজুমদ্দিন থানার ওসি মাসুম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ লঞ্চ আটকের চেষ্টা চলছে। তবে, এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।