গাজীপুরের টঙ্গী উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জুয়ের রানা ওরফে কামাল (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, এসআই মাহাবুর রহমান ও র্যাব সদস্য জসিম।
র্যাব জানায়, সোমবার রাত আড়াইটার দিকে টঙ্গীর পাগার নৌ বন্দর এলাকায় সন্ত্রাসী জুয়েল দলবল নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়েলের লোকজন র্যাবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাবও এ সময় পাল্টা গুলি ছুড়লে জুয়েল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে র্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি ছিলেন।