চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার বেনীপুর সীমান্তে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের নবনিযুক্ত কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ বিজিবির পক্ষে নেতৃত্ব প্রদান করেন। অন্যদিকে ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব প্রদান করেন ১৭৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট গোরিন্দার সিংহ।
IMG0
বিজিবি সূত্র জানায়, উপজেলার বেণীপুর সীমান্তের ৬১/৭ এস পিলারের সন্নিকটে বিকেল চারটা হতে পাঁচটা পর্যন্ত এ সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে বিজিবির কুষ্টিয়া ৫৮ ব্যাটালিয়ের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম, চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, ভারতের ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার এডি পান্ডে ও শ্রী ধরম প্রকাশ বৈঠকে উভয় দেশের সমস্যা ও তা সমাধানের তথ্য উপাত্ত তুলে ধরেন।
সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত যৌথ টহল, ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে মাদকদ্রব্য না আসা, চোরাচালানি কর্তৃক তারকাঁটার বেড়া না কাটা, উভয় দেশে অবৈধ অনুপ্রেবেশ রোধসহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে শান্তিপূর্ণভাবে এই পতাকা বৈঠক সম্পন্ন হয় বলে জানানো হয়েছে।