ফরিদপুরের আটরশির বিশ্বজাকের মঞ্জিলে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের ৪দিন ব্যাপী উরস মঙ্গলবার আখেরী মোনাজাতের মধ্যেদিয়ে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে। সকাল সাড়ে ৭টায় বিশ্বওলীর রওজা জিয়ারত করে পীরের আধ্যাতিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহ্ফুজুল হক মোজাদ্দেদীর নির্দেশে মোনাজাত পরিচালনা করেন পীরের অপর আধ্যাত্বিক প্রতিনিধি খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।
প্রায় আধা ঘন্টা ব্যাপী মোনাজাতে ধর্মপ্রান মুসল্লীদের ক্রন্দনরত আমীন-আমীন ধ্বনীতে দরবার শরীফ এলাকার আকাশ-বাতাশ ভারী হয়ে উঠে। আখেরী মোনাজাতে বিশ্বের শান্তি প্রিয় মানবতার সুখ-শান্তি ও উত্তরোত্তর সাফল্য কামানা করে মোনাজাত সম্পূর্ণ করা হয়।
মোনাজাতে নারী-পুরুষ ও ছোট-ছোট বাচ্চারা বিশ্বওলীর মহব্বতে কান্নায় ভেঙ্গে পড়ে। মোনাজাতের পর উপস্থিত লাখ-লাখ জাকেরান, মুরিদান ও আশেকানদের বিদায় ঘোষনা করা হয়।
এ সময় বিশ্বজাকের মঞ্জিল থেকে পুখুরীয়া-ফরিদপুর-ভাঙ্গা-কাওড়াকান্দি, সদরপুর থেকে চরভদ্রাসন-গোপালপুরঘাট, হাটকৃষ্ণপুর-টেপাখোলা, চন্দ্রপাড়া- পিয়াজখালী- সাধুখালী লঞ্চঘাটসহ প্রায় ২০ কি.মি. এলাকা জুড়ে সৃষ্ট বিশাল যানজটে জাকেরানদের দূর্ভোগ পোহাতে হয়। অপর দিকে বিশ্ব উরস শরীফ উপলক্ষে দরবারের আস-পাশের প্রায় ৫ কি.মি. এলাকায় মেলা বসেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিক্রেতারা খাটপালংক, কম্বল, কাপড়ের দোকানসহ খেলার সামগ্রী ও আসবাপত্রের বিভিন্ন ধরনের দোকান বসেছে।