শিবপুরে ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

নরসিংদীর শিবপুরে চটের ব্যাগে ভর্তি এক নবজাতক উদ্ধার হয়েছে। মঙ্গলবার উপজেলার সিএন্ডবি বাড়ৈগাও এলাকার একটি মাঠ থেকে নবজাতকটি উদ্ধার করেন হেলেনা বেগম নামের এক নারী। পরে হাসপাতালে নেয়া হলে নবজাতকটি মারা যায়।
 
পুলিশ ও নবজাতক উদ্ধারকারী হেলেনা বেগম জানান, বাড়ৈগাও গ্রামের মৃত গিয়ান উদ্দিনের স্ত্রী হেলেনা বেগম সকালে ছাগল চড়ানোর জন্য গ্রামের মাঠে গিয়ে একটি চটের ব্যাগ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি ব্যাগটি খুলে ভেতরে জীবিত এক ছেলে নবজাতক দেখতে পান। পরে ওই নবজাতকটিকে বাড়িতে নিয়ে সেবা দিতে থাকেন তিনি। 
 
এক পর্যায়ে নবজাতকটি অসুস্থ হয়ে পড়লে শিবপুর থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। 
 
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।