কক্সবাজারের মহেশখালীতে সন্দেহভাজন দুই দল ডাকাত ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ধারাদিয়াখালের পূর্বপাশে এই ঘটনা ঘটে।
নিহত মোহম্মদ মুরাদ (৩২) উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মোশারফ আলী সিকদারপাড়ার শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পুলিশ ডাকাতদের ধাওয়া করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।