খুলনায় নিখোঁজের প্রায় দেড় মাস পর মসজিদের সেফটি ট্যাঙ্কের ভেতর থেকে ইব্রাহিম বিশ্বাস (২২) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া বায়তুর রহমত জামে মসজিদের সেফটি ট্যাঙ্ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ইব্রাহিম দামোদর গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন মিল শ্রমিক ছিলেন।
এলাকাবাসী জানায়, বুধবার বিকালে এলাকার কয়েকজন তরুণ ফুলতলা উপজেলার দামোদর কারিকরপাড়া বায়তুর রহমত জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্রিকেট খেলছিল। হঠাৎ করে বলটি মসজিদের সেফটি ট্যাঙ্কের পাশে গিয়ে পড়ে। তারা বলটি আনতে গিয়ে সেফটি ট্যাঙ্কের মুখে প্যান্ট দেখতে পায়। প্রথমে বিষয়টি তারা এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে পুলিশ সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে গলিত লাশ উদ্ধার করে। নিহত ইব্রাহিমের মা আবেদা বেগম প্যান্ড ও পায়ের স্যান্ডেল দেখে তার ছেলের লাশ শনাক্ত করেন।
ইব্রাহিমের ছোট ভাই আব্দুল্লাহ বিশ্বাস (১৮) জানান, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার ভাই বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ফুলতলা থানার এসআই উজ্জ্বল কুমার দত্ত জানান, ইব্রাহিম পেশায় মিল শ্রমিক হলেও সে ছিল ক্রসফায়ারে নিহত মনিরুল বাহিনীর সক্রিয় ক্যাডার। মনিরুল নিহত হওয়ার পর বাহিনীর ক্যাডাররা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বিরোধে জড়িয়ে পড়ে। আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে তাকে খুন করে তার লাশ গুমের জন্য সেফটি ট্যাঙ্কের ভেতর ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।