ব্যাট হাতে নেই বড় রান, বোলিংয়ে নেই উইকেট। পিএসএলে আরো একটি খারাপ দিন গেল সাকিব আল হাসানের। পেশাওয়ার জালমির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় তার দল করাচি কিংস।
দুবাইয়ে ব্র্যাড হজের অসাধারণ এক ঝড়ো ইনিংসে করাচিকে ৫ উইকেটে হারিয়েছে পেশাওয়ার। ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করেছিল করাচি। রান তাড়ায় শেষ ৬ ওভারে ৬৫ রান দরকার ছিল পেশাওয়ারের। হজের তাণ্ডবে জিতে যায় তারা ৯ বল বাকি রেখেই। ৬টি করে চার ও ছক্কায় ৪৫ বলে ৮৫ করে অপরাজিত ছিলেন হজ।
মুশফিকুর রহিমকে এদিন একাদশে রাখেনি করাচি। আর কুঁচকির চোটের কারণে আগের ম্যাচে পেশাওয়ারের হয়ে না খেলা তামিম ইকবাল ছিলেন না এই ম্যাচেও।
করাচির ইনিংসে ১৪তম ওভারে উইকেটে গিয়ে অনেক চেষ্টাতেও রানের গতিতে জোয়ার আনতে পারেননি সাকিব। শেষ পর্যন্ত ড্যারেন স্যামির স্লোয়ারে লং অফে ক্যাচ দিয়েছেন ১২ বলে ১১ রান করে।
বল হাতে অবশ্য আগের কয়েকটি ম্যাচের তুলনায় ভালো বোলিং করেছেন সাকিব। ৩ ওভারে রান দিয়েছেন ১৩, যদিও উইকেট মেলেনি। পরে হজের খুনে ব্যাটিংয়ে সাকিবদের মাঠ ছাড়তে হলো হারের হতাশায়।