পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাবার পর নিখোঁজ আব্দুল হাকিম

আমরা পুলিশের লোক দরজা খুলুন, এমন কথা জানিয়ে শুক্রবার গভীর রাতে সেই যে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। আমার ছেলে অপরাধী নয়। তারপরও আইনের চোখে সে দোষী হয়ে থাকলে তার বিচার করা হোক। কিন্তু ছেলে কোথায় তা আমাকে জানাতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল খালেকের পত্নী মোমেনা খাতুন। ছেলে আবদুল হাকিম নিখোঁজ হওয়ায় মায়ের এই সংবাদ সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন নিখোঁজ হাকিমের স্ত্রী আলেয়া বেগম, ছোট ভাই আবুল কালাম ও ছেলে আলি হোসেন। নিখোঁজ আবদুল হাকিম একজন ইজি বাইক ব্যবসায়ী ও স্থানীয় একটি সাপ্তাহিকের বার্তা সম্পাদক। 

সংবাদ সম্মেলনে মা আমেনা খাতুন বলেন, শুক্রবার রাতে পুলিশের পরিচয়ে আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ছেলেকে নিয়ে গেলেও তাদের চারজন বাড়িতে বসে ছিলেন। ভোরে তারা কার সঙ্গে যেন ফোনে কথা বলেন। পরে চলে যান। এরপর থেকে ছেলের কোনো খোঁজ পাচ্ছি না।

আরো পড়ুন: ভাঙ্গা বেঞ্চ ও মাটিতে বসেই চলছে পাঠদান

তিনি বলেন, আমি সাতক্ষীরা থানা, গোয়েন্দা পুলিশ, র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কেউ বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। নিরুপায় হয়ে আমি সংবাদ সম্মেলন করছি। আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই।
 
ইত্তেফাক/অনি