ঝিনাইদহে শৈলকুপায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আশরাফ হোসেন (২৬) নামের এক ‘অপহরণকারী’ গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হরিহরা এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, ১০ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে আসাদুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে অপহরণ করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আশরাফ হোসেনসহ তার দলের লোকেরা। এ ঘটনায় তার মা কল্পনা বেগম বাদি হয়ে মামলা করেন। এর ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আশরাফসহ তার দলের লোকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আশরাফের বাম পায়ে গুলি লাগে।
আশরাফকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অপহৃত আরিফুল ইসলামকে উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই এমদাদ হোসেন।