হবিগঞ্জে প্রাণ-আরএফএলে ১২ হাজার কর্মসংস্থান

হবিগঞ্জের ওলিপুরে আধুনিক কারখানা স্থাপনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি ভূমিকা পালন করে যাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ।
 
বৃহস্পতিবার হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
 
তিনি বলেন, ২০১৪ সালের মার্চে শায়েস্তাগঞ্জে এ কারখানাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। গত দুই বছরে এখানে ১২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে, এলাকার সামাজিক সূচকের গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে।
 
তিনি জানান কারখানায় শ্রমিক-কর্মচারিদের জন্য নিরাপদ খাদ্য, স্বাস্থ্য, পরিস্কার-পরিছন্নতাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে প্রাণ-আরএফএল গ্রুপ। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, বৈষম্য প্রতিরোধ ও কারখানায় নারী-বান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম এ প্রতিষ্ঠানটি। 
 
খাদ্য এবং প্লাস্টিক পণ্যের বাইরে নতুন কিছু পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপিত হয় বলে জানান কামরুজ্জামান কামাল। 
 
৬৫০ বিঘা এলাকা জুড়ে অবস্থিত এ কারখানায় চালু আছে ২৮ টি প্রডাকশন লাইন। নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) ব্যবস্থা।
 
প্রাণ-আরএফএল গ্রুপ কারখানার পাশে একটি স্কুল পরিচালনা করছে, যেখানে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হচ্ছে। কারখানার কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে একটি ক্যানটিন, যেখানে মাত্র দুই টাকার বিনিময়ে কর্মচারীদের একবেলা খাবার প্রদান করা হয়। কারখানায় কর্মকর্তা ও কর্মচারীদের জন্যে রয়েছে পৃথক আবাসন ব্যবস্থা। এছাড়া শিশুদের জন্যে রয়েছে ডে-কেয়ার সেন্টার। স্বাস্থ্য সেবার জন্যে রয়েছে একটি মেডিকেল সেন্টার। এছাড়া মসজিদসহ রয়েছে নানান সুযোগ-সুবিধা। 
 
সংবাদ সম্মেলনে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হক, আরএফএল বাইক এর জিএম জাফর ইকবাল, সিনিয়র ম্যানেজার প্রাণ-অ্যাডমিন এহসানুল হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের কমিউনিকশেন ম্যানেজার জিয়াউল হকসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।